সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বোদায় অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি, রাতারাতি ভবন নির্মাণে তোরজোড়

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদায় অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে রাতারাতি ভবন নির্মাণে তোড়জোড় শুরু করেছেন
কর্তৃপক্ষ।

উপজেলার ঝলইশাল শিরি ইউনিয়নে নতুন হাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির ক্ষেত্রে এমনই অনিয়ম চোখে পড়েছে স্থানীয়দের। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমিকসহ নির্মাণাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম যুক্ত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

অস্তিত্বহীন নতুন হাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিওভুক্তির খবর শুনে বুধবার (২৩ অক্টোবর) রাত থেকে প্রতিষ্ঠানে সাইনবোর্ড স্থাপন, ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বোদা উপজেলার নতুনহাট বাজারের অদূরেই হোসনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি জমিতে ওই কলেজের সাইনবোর্ড টানানো হয়েছে। কয়েকজন নির্মাণ শ্রমিক পূর্ণ উদ্যোমে ইট দিয়ে ভবন নির্মাণের কাজ করছেন। ইটের গাঁথুনির পাশাপাশি টিউবওয়েল বসানোর কাজ করছেন কয়েকজন। আবার কয়েকজন শ্রমিক বালু ফেলার কাজ করছেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। শ্রমিক ব্যতীত এই সময় কোনো শিক্ষক-শিক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কলেজটির প্রতিষ্ঠাতা পঞ্চগড় বিসিক নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজ মেন্ট কলেজের অধ্যক্ষ দেলদার রহমান।

স্থানীয়রা জানান, এখানে কলেজের নামে জমি থাকলেও ছিল না কলেজের কোনো কার্যক্রম। কার্যক্রম পরিচালনা করা হতো দেলদারের কলেজ থেকেই।

দেলদার রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ওই প্রতিষ্ঠানটির সভাপতি বলে দাবি করেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তার স্ত্রী শামীমা নাজনীন। তার দাবি, ২০০৩ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ২শ জন ছাত্রছাত্রী পড়ছেন। শিক্ষক রয়েছে ছয়জন। চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৬০ জন। পাশ করে ৫৮ জন। কাগজে কলমে সব ঠিক রয়েছে বলে দাবি করেন দেলদার।

এছাড়াও রাতারাতি ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ঘর আমি যখন খুশি তখন উঠাব। সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষক শিক্ষার্থীদের তথ্য দেখতে ও জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এর আগে টিন শেড ঘরে অধ্যায়ন কার্যক্রম চলতো। এছাড়া তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নতুনহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কার্যক্রম পরিচালনার বিষয়টি তিনি অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অধিবাসী জানান, প্রতিষ্ঠানটির সভাপতি দেলদার রহমান পঞ্চগড়ের বিভিন্ন স্থানে নামে বেনামে একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিএম অধ্যক্ষ পরিষদের বড় নেতা তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে তার অদৃশ্য শক্তিবলে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির তালিকায় গেছে বলে জানান স্থানীয়রা।

খবর নিয়ে জানা গেছে, পঞ্চগড় জেলায় এবার চারটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এমপিওভুক্তির তালিকায় স্থান পায়।

মোহাম্মদ আজম নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য করেন, আমরা যেখানে এমপিওর সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এমপিওভুক্ত হতে পারছি না। সেখানে এই রকম ভুইফোঁড়, অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিভাবে এমপিওর তালিকায় নাম আসে সেটাই প্রশ্ন।

তিনি বিষয়টি আরও তদন্ত করে এমপিওভুক্তি চূড়ান্ত করার দাবি জানান।

জেলা শিক্ষা কর্মকর্তা হিমাংশু কুমার রায় সিংহ বলেন, এমপিওভুক্তির বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই। এমপি-সচিব ও মন্ত্রীরা কিভাবে এমপিওভুক্তির তালিকা দিয়েছেন তা তারাই ভাল জানেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…